অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে আবারও গোল উৎসব করলো বাংলাদেশের মেয়েরা। সুরভী প্রীতির হ্যাটট্রিকে ৯-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচেও ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সুরভী। সে ম্যাচে ৮-০ গোলে জয় পায় বাংলাদেশ।
সোমবার (৭ নভেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন সুরভি আকন্দ। ভুটানের গোলরক্ষক সোনামের নেওয়া দুর্বল শটে বল পান সুরভি। সেখান থেকে এগিয়ে গিয়ে প্লেসিং শটে বল জালে জড়ান তিনি।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন হ্যাট্রিক কন্যা সুরভি। ম্যাচে ২২ মিনিটে মাপা শটে বল জালে জড়ান তিনি। আর ম্যাচের ৩২ মিনিটে আত্মঘাতী গোল করে ভুটান। ভুটানের ডিফেন্ডার কিনলে দেমার আত্মঘাতি গোলে ৩-০ তে এগিয়ে যায় বাংলার বাঘিনীরা। আর প্রথমার্ধের ইনজুরি সময়ে পাওয়া গোলে ৪-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। মিতুর বাড়ানো বলে ডি বক্সে ঢুকে প্লেসিং শটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন সুরভি প্রীতি।
বিরতি থেকে ফিরেই ৫৫ মিনিটে গোল করেন চতুর্থ গোলে অবদান রাখা মিতু।
আর ম্যাচের ৬৬ মিনিটে গোল করেন বদলি নামা আয়েশা আক্তার। আর ৭০ মিনিটে জটলার ভেতরে পাওয়া বলে গোল করেন থুইনু মারমা। ম্যাচের শেষ দিকে রিতু ও প্রীতির করা গোলে ৯-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা।
এক বছরে দুটি সাফের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে বড় জয়ে আসর শুরু হয় ছোটনের শিষ্যদের। তবে, দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন হয় স্বাগতিকদের। কাঠমান্ডুর হারের শোধ কমলাপুরে নেয় নেপালের মেয়েরা। ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে পর পর দুইবার শিরোপা দখলের লড়াইয়ে নেই ভারত। এবার তারা না থাকায় সমান দুটি শিরোপা জেতার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরাও।
তিন দলের টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপাল দু'দলের পয়েন্ট এখন ৬। আগামী শুক্রবার টুর্নামেন্টের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। সেই ম্যাচেই নির্ধারণ হবে শিরোপা।