মাশরাফি-নাসিরকে জাতীয় দলে চান আশরাফুল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৩, ০৫:৪৪ পিএম

মাশরাফি-নাসিরকে জাতীয় দলে চান আশরাফুল

বিপিএলের নবম আসরে দারুণ ছন্দে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা ও নাসির হোসেন। সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেওয়া মাশরাফি ৬ ম্যাচে ৬.৭৫ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি আছেন দ্বিতীয় অবস্থানে। আর নাসির হোসেন খেলছেন ঢাকা ডমিনেটর্সের জার্সিতে। ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন এই ফিনিশার। ৬ ম্যাচে ২৬৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় তিনি আছেন দ্বিতীয় অবস্থানে। বল হাতে নিয়েছেন ৭ উইকেট। জাতীয় দলের বাইরে থাকা মাশরাফি ও নাসিরকে জাতীয় দলে দেখতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

নাসিরকে নিয়ে আশরাফুল বলেন, ‘ বিপিএলে নাসির চমৎকার খেলছেন, অধিনায়কত্ব করছেন। ব্যাটিং-বোলিং। ও যে আসলে চমৎকার আত্মবিশ^াসী খেলোয়াড় আমরা সকলেই তা জানি। মাঝখানে ইনজুরির কারণে একটু পেছনে চলে গিয়েছিল। এখন আবার পুরোপুরি ফিট হওয়াতে মাশআল্লাহ। ও কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগেও অলমোস্ট সাড়ে ৫শ রান করেছে। সে জায়গাও চমৎকার খেলেছে।’ নাসিরের জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘ আমি নির্বাচক না। নির্বাচকরা ভালো বলতে পারবেন। আমি মনে করি যারা একবার জাতীয় দলে খেলেছে তারা যদি ডমিস্টিকে ভালো পারফরর্ম করে তাদের নিয়ে নেওয়া উচিত। কারণ সে জানে ইন্টারন্যাশনাল খেলাটা কীভাবে খেলতে হয়। এবং সে লেভেলে কীভাবে তাকে সারভাইব করতে হবে। সে অভিজ্ঞতাটা তার থাকে যদি একবার সে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হয়ে থাকে।’

মাশরাফিকে নিয়ে আশরাফুল বলেন, ‘ বয়স তো কোন ব্যাপার না, এটা একটা নাম্বার। সে ন্যাচারাল ট্যালেন্ট ছিল। ৫০ বছর বয়সে গিয়েও তার বেস্ট পারফরম্যান্সটা করতে পারবে বলে আমি বিশ^াস করি। পারফরম্যান্সে তো অবশ্যই মাশরাফির জাতীয় দলে আসা উচিত। কারণ তরুণ যারা ফাস্ট বোলার আছে তাদের থেকে ইকোনমি, উইকেট যদি বলেনÑ মাশরাফি টপ। এখন জাতীয় দলে সে খেলবে কি না এটা গুরুত্বপূর্ণ।’

 

 

Link copied!