বিপিএলের দুই ফাইনালিস্টের ফটোশুট হয়ে গেলো ট্রফি নিয়ে। বুধবার আয়োজকরা ভিন্নতা আনতে দুই দলের প্রতিনিধিকে নিয়ে চলে যায় মেট্রোরেলের ডিপোতে। দিয়াবাড়ি ডিপোতে কুমিল্লার অধিনায়ক ইমরুল ও সিলেটের সহ অধিনায়ক মুশফিকুর রহিম ট্রফি নিয়ে ফটোশুট করেন। প্রথমে স্টেশনে দাঁড়িয়ে ফটোশুট করেন। পরবর্তীতে ট্রফি নিয়ে রেলের ভেতরে ছবি তোলেন।
বৃহস্পতিবার ফাইনাল ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কুমিল্লা ও সিলেট ফাইনালে খেলবে। মাশরাফি ও ইমরুলের লড়াই।
বিপিএলের ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটেই শুধুমাত্র ঈর্ষনীয় রেকর্ড নেই মাশরাফির। বিপিএলেও অধিনায়ক হিসেবে সেরা সাফল্য আছে তার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ চারবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন মাশরাফি। প্রথম পাঁচ আসরের মধ্যে চারটিতে অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরেছেন ম্যাশ।
২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেন মাশরাফি। এরপর ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। পরবর্তীতে ২০১৭ সালে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হন মাশরাফি।
মাশরাফির পর অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ দুইবার বিপিএলের শিরোপা জয় করেছেন ইমরুল কায়েস। ২০১৮ ও ২০২২ সালে কুমিল্লার হয়ে দু’বার শিরোপা জিতেছেন ইমরুল। অধিনায়ক হিসেবে একবার করে বিপিএলের শিরোপা জিতেছেন সাকিব আল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসকে শিরোপার স্বাদ দেন সাকিব। একমাত্র বিদেশী অধিনায়ক হিসেবে ২০১৯ সালে রাজশাহী রয়্যালসকে শিরোপা এনে দেন রাসেল।