যেকারণে নারী ফুটবলারদের ‘রিসিভ’ করতে বিমানবন্দরে যাচ্ছেন না সালাউদ্দিন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২২, ০৮:১৫ পিএম

যেকারণে নারী ফুটবলারদের ‘রিসিভ’ করতে বিমানবন্দরে যাচ্ছেন না সালাউদ্দিন

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথমবার শিরোপা নিয়ে বুধবার দেশে ফিরছেন সাবিনা খাতুন-স্বপ্না রানি-সানজিদা আক্তাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা বিমানবন্দরে নারী ফুটবলারদের ‘রিসিভ’ করবেন। তবে বিমানবন্দরে যাবেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন এ কথা বলেন।

বাফুফে সভাপতি বলেন, “আমি বিমানবন্দরে যাবো না। কারণ গেলে আপনারা আমাকেই প্রশ্ন করবেন। এটা মেয়েদের টিম, ওরাই খেলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি চাই আলো যেন ওদের ওপর থাকে। অনেকে যাবেন। সচিব যাবেন। আমি চাই, আপনারা এটাকে প্লেয়ারস কাপ করে তুলুন। আমার না যাওয়া নিয়ে আপনারা ভুল বুঝবেন না।”

সংবাদ সম্মেলনে খেলার সময় কাঠমাণ্ডু না যাওয়ার ব্যাখ্যাও দেন সালাউদ্দিন। তিনি বলেন, “আমি কাঠমান্ডু গেলে ভালোও হতে পারতো আবার খারাপও হতে পারতো। আমি গেলে হয়তো মেয়েরা চাপে পড়ে যেত। যদি ওদের ওপর এক্সট্রা প্রেসার হয়ে যায়, সেজন্য আমি যাইনি। তবে ওদের সব খেলা দেখেছি।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার মেয়েরা দেশে ফিরলে বাফুফের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হবে। বাফুফের সহ-সভাপতি ও অন্যান্য কর্মকর্তারা তাদের বিমানবন্দরে ‘রিসিভ’ করতে যাবেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকেও কর্মকর্তারা বিমানবন্দরে যেতে পারেন।

Link copied!