মার্চ ২০, ২০২৩, ০৬:৫৫ পিএম
আয়ারল্যান্ডের সাথে আগের ম্যাচে ৩৩৮ রানের রেকর্ড ইনিংস খেলেছিল বাংলাদেশ। জয় আসে ১৩৮ রানের। দ্বিতীয় ম্যাচে মুশফিক ও হৃদয়ের বিধ্বংসী ইনিংসে সেই রেকর্ডও ভেঙে ফেলল টাইগাররা।
সোমবার (২০ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে তামিমের দল।
শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস প্রথম ৪ ওভারে মাত্র ৪ রান তুলতে পারেন। তারপর তামিম-লিটনের রান বেড়ে ১০ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪২ রানে। তবে এতবড় রানের ইনিংস হবে সেটা ৩০ ওভার পরেও বুঝা যায়নি। ৩৩.২ ওভারে চার উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান। পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের তুলোধুনো করা ব্যাটিং দেখে সবাই। পরের ৮০ বলে দলের সংগ্রহ বাড়ে ১২৮ রান। মুশফিক বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন; অন্যদিকে এক রানের জন্য ফিফটি করতে না আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তাওহিদ।
এর আগে তামিম ৩১ বলে ২৩ রান করে রান আউট হলেও ক্যারিয়ারের অষ্টম ফিফটি করেন লিটন। পরে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে কার্টিস ক্যাম্ফারের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
দলীয় ১৪৩ রানে ভাঙে শান্ত-লিটনের ১০১ রানের অনবদ্য জুটি। দ্বিতীয় উইকেটে আইরিশদের বিপক্ষে যা টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। এরপর শান্ত-সাকিবের ৩৯ রানের জুটি ভাঙে ১৯ বলে ১৭ রান করে সাকিব আল হাসান ক্যাচ আউট হলে। অপরদিকে শান্ত করেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। ৭৭ বলে ৩ চার ও ২ ছক্কার মারে ক্যারিয়ার সেরা ৭৩ রান করে গ্রাহাম হিউমের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শান্ত। পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।
পঞ্চম উইকেট জুটিতে মুশফিক ও হৃদয় সব চাপ উড়িয়ে দিয়ে ১২৮ রানের জুটি গড়েন। দলীয় ৩১৮ রানে ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কার ৪৯ রানের ইনিংস খেলে অ্যাডায়েরের বলে কট বিহাইন্ড হন হৃদয়। অন্যদিকে বাংলাদেশের হয়ে ৫০ ওভারের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে মাত্র ৬০ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেন মুশফিক।
১৪ চার ও ২ ছক্কার মারে মুশফিকের অপরাজিত ১০০ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৪৯ রান। যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
আইরিশদের বোলারদের পক্ষে ৫৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন গ্রাহাম হিউম। এছাড়া একটি করে উইকেট নিজেদের পকেটে পুরেন মার্ক অ্যাডায়ার ও কার্টিস ক্যাম্ফার।