টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েই, বড় দু’টি পরীক্ষার সামনে দাঁড়িয়ে সাকিব। আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে এবারের এশয়া কাপ হচ্ছে সংক্ষিপ্ত ভার্সনে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় দু’টি আসরের পরীক্ষার মুখোমুখি সাকিব।
আসন্ন এই দু’টি পরীক্ষায় সাকিব যদি দাপট দেখাতে না পারলে তবে অবাকই হবেন ওয়াটসন।
আইসিসির রিভিউতে দেয়া এক সাক্ষাৎকারে সাকিবের প্রশংসা করে ওয়াটসন বলেন, ‘সাকিবের মতো একজন যোগ্যতাসম্পন্ন নেতা যখন দায়িত্ব পেয়েছে, তখন দলগতভাবে আরও সুসংগঠিত হবে বাংলাদেশ। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে।’
তিনি আরও বলেন, ‘চাপের মধ্যে সাকিবের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুর্দান্ত। তারও প্রমাণ করার বিষয় আছে। যখন কোন ক্রিকেটারের নিজেকে প্রমাণের ক্ষেত্র থাকে এবং ভালো করার ক্ষুধা থাকে, তখন দাপুটে ক্রিকেট খেলতে থাকে তারা। সাকিব এশিয়া কাপ ও বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে না পারলে আমি খুবই অবাক হবো।’
একজন শীর্ষ অলরাউন্ডার হিসেবে ১৪ বছর যাবত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সাকিব। তাই শারীরিকভাবে কতটুকু চাপ যায়, তা ভালো জানেন ওয়াটসন। ঠিক এমনই অবস্থা যাচ্ছে সাকিবের।
ওয়াটসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, অলরাউন্ডারের কাজটা খুব চ্যালেঞ্জিং। যখন আপনি দিনের পর দিন খেলবেন তখন নিজের যতœ নিতে হয় এবং শক্তি সংরক্ষণ করতে হয়। আর ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে দীর্ঘ সময় যাবত শারীরিক ও মানসিক শক্তি বজায় রাখতে হয়।’