সাকিব নায়ক আবার খলনায়কও!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৩, ০৮:৪৩ পিএম

সাকিব নায়ক আবার খলনায়কও!

ঢাকায় বিপিএলের প্রথম পর্বও শেষ হলো সাকিব আল হাসানকে নিয়ে। প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। যেমন সব্যসাচী ক্রিকেটার তেমন কথায় হয়ে উঠেছেন পটু। কখনও বলছেন বিপিএলের সিইও হবেন। আবার বোর্ড সভাপতি হতে চান। মঙ্গলবার মাঠের ভেতরেই আম্পায়ারকে শাসালেন। ক্রিকেটের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। আর সাকিব সেটা পাবেন। তবে বারবার তিনি খেই হারাচ্ছেন কেন? 

ফরচুন বরিশালের ক্যাপ্টেন করা হলো তাকে। আর এই দিনেই প্রতিবাদী সাকিবকে দেখা গেল। যে অপরাধ করেছেন সেটার মাফ নেই। শাস্তির মুখে পড়বেন নিশ্চিত। 

সাকিব তেড়ে গেলেন আম্পায়ারের দিকে। তাও ডাগ আউট থেকে মাঠে প্রবেশ করে! নিয়ম অনুযায়ী সাকিবের মাঠে ঢোকার কথা নয়। কিন্তু তিনি নিয়ম ভেঙে মাঠে ঢুকেছেন, এরপর আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়েছেন। অসন্তোষ প্রকাশ করেছেন সিদ্ধান্তের। 

রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের রান তাড়ার সময় ঘটনা। স্ট্রাইকে ছিলেন বরিশালের দুই ওপেনার চতুরঙ্গ ডি সিলভা। আর বল করছিলেন রকিবুল । কিন্তু স্ট্রাইকে বাঁহাতি চতুরঙ্গাকে দেখে রংপুরের অধিনায়ক নুরুল হাসান বোলার পাল্টে বল তুলে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে। এ পরিবর্তন দেখে অন্য প্রান্তে থাকা এনামুল হক স্ট্রাইকে আসেন।

শুরু হয় চরম নাটক। ওই মুহূর্তে রংপুর আবারও বোলার বদলে ফেলে! এবার তারা বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিং দিতে চাইছিল। সেই মুহূর্তে ডাগ-আউট থেকে মাঠে প্রবেশ করেন বরিশালের অধিনায়ক সাকিব। স্কয়ার লেগ আম্পায়ার গাজি সোহেলের দিকে তেড়ে যান তিনি। মিনিট পাঁচেক ধরে আম্পায়ারের সঙ্গে তার তর্ক চলতে থাকে। এরপর তাকে শান্ত করেন আম্পায়ার। 

সাকিব মাঠ ত্যাগ করলে বাঁহাতি রকিবুলকে দিয়েই বোলিং করানো হয়। আর সে ওভারেই আউট হন চতুরঙ্গ। এভাবে সাকিবের মাঠে প্রবেশের কোনো নিয়ম নেই। বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ দাবি করেন, 'নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন সেটা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গার বদলে বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না। এই নিয়ে কথা বলতে তিনি মাঠে প্রবেশ করেন।' 

Link copied!