নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ২১ বছর পর জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামছে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটের জন্ম ১৯৭১ সালে। তারও ১৫ বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ ওয়ানডে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের নাম। এশিয়া কাপের ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ৪০০তম ওয়ানডে খেলার অপেক্ষায় এখন তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলবে। ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে বাংলাদেশ এই ফরম্যাটে ৪০০ ম্যাচ খেলতে যাচ্ছে।
জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে ২০০১ সালের পর আবারও জিম্বাবুয়ে কাছে হোয়াইটওয়াশের মুখে পড়েছে টাইহাররা।
নিশ্চিতভাবেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে চাইবে না বাংলাদেশ। এ সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। যা এই ফরম্যাটে জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হারের লজ্জা ছিলো টাইগারদের।
ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে এর আগে দু’বার জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। ২০০১ সালে প্রথম দুটি দ্বিপাক্ষীক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগাররা। এরপর পূর্ণ শক্তির জিম্বাবুয়ে আর কখনও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি। তবে জিম্বাবুয়ের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। যা কোন দলই কোন প্রতিপক্ষের সাথে পারেনি।
চলমান সিরিজের আগে ১৮টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে ১২টিতে জয় এবং ৬টি হার টাইগারদের। তবে এই চলমান সিরিজ জিতে জয়ের সংখ্যাটা ৭’এ উন্নীত করেছে জিম্বাবুয়ে।