ইংল্যান্ডের বিপক্ষে মাথা ঠান্ডা রেখে বল করে বাজিমাত করেন হাসান মাহমুদ। আর সফরকারী বড় স্কোর করতে পারেনি। বাংলাদেশও প্রথম টি টোয়েন্টি ম্যাচটি জিতে ১-০ তে এগিয়ে। রবিবার মিরপুরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসলেন হাসান মাহমুদ। এ সময় ক্যারিয়ারের ফোকাস নিয়ে কথা বলেন। ৫০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে হাসান বলেন, ‘আমি সবসময় বল বাই বল চিন্তা করি এবং একটি বাজে ডেলিভারির জন্য হতাশ হই না। আমি আমার শক্তির উপর নির্ভর করি। ঐ সময় আমার সেরাটা দিতে পছন্দ করি। আমি সত্যিই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বোলিং পারফরমেন্স ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে কাটিয়ে উঠতে সহায়তা করেছে বলে বিশ^াস করেন হাসান। ঐ ম্যাচে ৪৭ রানে ৩ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারী ছিলেন তিনি। যদিও ঘটনাবহুল সেই ম্যাচটি হেরেছিলো বাংলাদেশ।
এখন অবধি ৬ ওয়ানডেতে ৮ উইকেট ও ১১টি টি-টোয়েন্টিতে ১৫ উইকেট পাওয়া হাসান বলেন, ‘ঐ ম্যাচটি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমার প্রথম ম্যাচ ছিলো। সত্যি বলতে যদি কোন ভয় থেকেও থাকে, তাহলে সেই ব্যাটিং লাইন আপের বিপক্ষে বোলিং করার পর সেই চাপ কমে গেছে।’
বেশ কয়েকবারই ইনজুরিতে বাধাগ্রস্ত হয়েছে হাসানের ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ার। অন্তত দেড় বছর মাঠের বাইরে ছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হওয়া এই ক্রিকেটার। শক্তিশালী রুপে ফিরে আসার বার্তা দিয়েছিলেন তিনি।
ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ৫শ উইকেট নেয়ার স্বপ্ন দেখছেন হাসান। তিনি বলেন, ‘আমি ৫০০ উইকেট নিতে চাই। এটাই লক্ষ্য।’