রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তী সার্জিও রামোসের আত্মঘাতি গোলে কাল সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলের কষ্টার্জিত জয় নিশ্চিত হয়েছে। এই জয়ে কাতালান জায়ান্টরা লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে।
লামিন ইয়মালের হেড অভিজ্ঞ সেন্টার-ব্যাক রামোসের ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে ৭৬ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ঐ গোলেই শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়।
৩৭ বছর বয়সী রামোস এর আগে বলেছিলেন বার্সেলোনার বিপক্ষে গোল করতে পারলে বিশেষ ভাবে তা উদযাপন করবেন। এবারের গ্রীষ্মে পিএসজি থেকে তিনি শৈশবের ক্লাব সেভিয়ায় ফিরে আসেন। গোল তিনি ঠিকই করেছেন, কিন্তু সেটা দলের জয়ের জন্য হয়নি।
বার্সেলোনা কোচ জাভি ম্যাচ শেষে বলেছেন, ‘রামোস একজন অসাধারণ ডিফেন্ডার। আজ দূর্ভাগ্যবশত: তিনি আত্মঘাতি গোলের শিকার হয়েছে। কিন্তু পুরো ম্যাচে তিনি দুর্দান্ত খেলেছেন। সার্জিও এখানকার পরিবেশেই বেড়ে উঠেছে। শটটি তার গায়ে লেগে জালে জড়ায়, এখানে দূর্ভাগ্য ছাড়া আর কিছুই বলার নেই।’
বার্সেলোনার এই তিন পয়েন্ট অর্জনে জিরোনাকে টপকে শীর্ষস্থান নিশ্চিত হয়েছে। মঙ্গলবার মায়োর্কার সাথে ড্র করায় জিরোনা ও মাদ্রিদের থেকে পিছিয়ে পড়েছিল কাতালান জায়ান্টরা।