জার্মানির কিংবদন্তি ফ্রেঞ্জ বেকেনবাওয়ার আর নেই। ৭৮ বছর বয়সে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে ফুটবল বিশ্বে শোক নেমে এসেছে।
সর্বকালের সেরা ফুটবলারদের একজন তিনি। সোমবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। এরপর জার্মানি নিউজ এজেন্সি ডিপিএ নিশ্চিত করেন।
বেকেনবাওয়ারকে ‘কাইজার’ বলা হতো। ১৯৭৪ সালে অধিনায়ক হিসাবে পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জেতান তিনি। ১৯৯০ সালে আবার কোচ হিসেবে বিশ্বকাপ জেতান দেশকে।
জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখে তিনি ৫৮২ ম্যাচ খেলেছেন। আর সেখানে কোচ ও খেলোয়াড় হিসাবে বড় অর্জন তার।
১৯৬৬ বিশ্বকাপে তিনি ৪ গোলও করেন। সেবার পশ্চিম জার্মানি ফাইনালে হেরে যায় ৪-২ গোলে। তখন বেকেনবাওয়ারের বয়স ২০। সে আসরের সেরা তরুণ ফুটবলারের ট্রফি পান। পশ্চিম জার্মানির হয়ে তিনি ১০৩টি ম্যাচ খেলেছেন।
বায়ার্ন মিউনিখে ৪টি লিগ শিরোপা ছিল তার। আর ইউরোপিয়ান কাপ জয় করেছিলেন ১৯৭৪, ১৯৭৫ ও ১৯৭৬ সালে। আবার বুন্দেসলিগা জিতেছিলেন হামবুর্গের হয়েও।