ছবি: ক্রিকইনফো
সব অপেক্ষার শেষে মাঠে গড়িয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নির্ধারিত ওভার শেষে জো রুটের লড়াকু ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৮২ রান করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ সময় ম্যাট হেনরির বলে টম লাথামকে ক্যাচ দিয়ে ফেরেন দাউভিদ মালান। ২৪ বলে ১৪ রান করেন ইংলিশ ওপেনার।
জনি বেয়ারস্টো ছিলেন কিছুটা মারমুখী। ৩৫ বলে ৩৩ রান করে মিচেল স্যান্টনারের শিকারে পরিণত হন তিনি। তখন স্কোর বোর্ডে ইংল্যান্ডের রান ৬৪।
এরপর হ্যারি ব্রুককে নিয়ে এগোতে থাকেন জো রুট। রাচিন রবীন্দ্রকে পরপর বলে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তুলে দেন, সেই বল লুফে নিতে ভুল করেননি ডেভিড কনওয়ে। ১৬ বলে ৪ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ২৫ রান করেন ব্রুক।
এরপর মঈন ১৭ বলে ১১ রান করে বিদায় নেন। জস বাটলার নেমে রুটের সাথে মিলে কিউই বোলারদের ওপর ভালোই চাপ তৈরি করছিলেন। বাটলার-রুটের ৭০ রানের জুটি ভাঙেন হেনরি। ৪২ বলে ৪৩ রান করে ফেরেন বাটলার।
লিয়াম লিভিংস্টোন ভালো শুরু পেলেও ২২ বলে ২০ রান করে ট্রেন্ট বোল্টের বলে ভুল শট খেলে আউট হন। তখন সেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন রুট। সেঞ্চুরি থেকে ২৩ রান দূরে থাকতে তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন পার্টটাইম বোলার গ্লেন ফিলিপস। ৮৬ বলে ৭৭ রান করতে ৪টি চার একটি ছক্কা হাঁকান রুট।
শেষ দিকে ইংল্যান্ডকে সংগ্রহটা বাড়িয়ে নিতে সাহায্য করেন আদিল রশিদ ও মার্ক উড। দুজনে মিলে শেষ উইকেটে ৩০ রানের জুটি গড়ে তুলেন। ১৩ বলে রশিদ ১৫ ও ১৪ বলে উড করেন ১৩ রান করেন।