ডিসেম্বর ২৬, ২০২৩, ০১:৩৪ পিএম
আগামী বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয়তে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিনটিসহ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ পাবে টাইগাররা। বুধবার নেপিয়ারে প্রথম ম্যাচটি রয়েছে। দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে খেলাটি। নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
এর মধ্যে আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতেও খেলবেন বাংলাদেশের খেলোয়াড়রা। নেপিয়ারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা এই সিরিজসহ ১১টি ম্যাচ এছাড়া বিপিএলও পাবো। এটি জাতীয় এটা দল, আমরা আমাদের কম্বিনেশন ঠিক করার চেস্টায় আছি এবং বিশ^কাপে তাদের ভুমিকার কথা চিন্তা করে সেভাবেই তৈরি করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘অবস্থা অনুযায়ী পরিকল্পনা থাকবে। অনেক পরিকল্পনা নিয়ে আমরা খেলতে চাই, একই সাথে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে চোখ রাখতে চাই এবং আমরা আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে করার চেষ্টা করছি।’
হাথুরুসিংহে বলেন, ‘আমি বলেছিলাম, বিশ্বকাপের আগ পর্যন্ত ১১টি ম্যাচ আছে এবং ম্যাচ বিবেচনায় আমরা এটি পেয়েছি। এটি আদর্শ হোক বা না হোক, এই সময়ের মধ্যেই আমাদের পরিকল্পনা এবং ভূমিকাগুলো ঠিক করতে হবে।’
বিশ্বকাপের জন্য বাংলাদেশ একটি নিখুঁত কম্বিনেশন পাবে বলেই ধারনা করা হচ্ছে। কিন্তু তার মানে এই নয়, নিউজিল্যান্ডের মাটিতে অধরা জয়ের জন্য ছাড় দিবে টাইগাররা।