কলম্বোয় শ্রীলংকাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত। সুপার ফোরের ম্যাচে ভারত ২১৩ রানে থেমেছিল। জবাবে শ্রীলংকা অলআউট ১৭২ রানে। বাংলাদেশের এশিয়া কাপ থেকে আনুষ্ঠানিক বিদায়। শ্রীলংকার হার দরকার ছিল বাংলাদেশের। নেট রান রেটে আশা। অবশ্য কোনো লাভ হয়নি। ১৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান লড়াইটি এখন নিয়মরক্ষার।
আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল। পাকিস্তান ও শ্রীলংকার ম্যাচ বৃহস্পতিবার। এ ম্যাচে যে জিতবে সে ফাইনালে যাবে।
ভারত সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়েছে। পরের দিন মঙ্গলবার তারা শ্রীলংকাকে হারাল। ১৫ নভেম্বর তাদের বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ ২ ম্যাচে হেরে ইতোমধ্যে ছিটকে গেছে আসর থেকে। এদিকে শ্রীলংকা ও পাকিস্তান একটি ম্যাচ খেলবে। ভারতের সাথে কে ফাইনাল খেলবে সেটাই দেখার বিষয়।
ভারত মাত্র ২১৩ রানের পুঁজি নিয়ে এশিয়া কাপের গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিল। স্পিন দিয়ে জবাব দিয়েছে তারা। শ্রীলংকার স্পিনার দুনিথ ওয়েল্লেগে ৫ উইকেট নেন। ৪ উইকেট নেন আরেক স্পিনার আশালাঙ্কা। ভারতের কুলদীপ যাদব ৪টি ও রবিন্দ্র জাদেজা ২টি উইকেট নেন।
২১৪ রানের টার্গেটে ভালো শুরু পায়নি শ্রীলংকা। ভারতের দুই ওপেনার জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের তোপে অষ্টম ওভারে ২৫ রানে ৩ উইকেট হারায় তারা। পাথুম নিশাঙ্কাকে ৬ ও তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে ১৫ রানে ফিরিয়ে দেন বুমরাহ। আরেক ওপেনার দিমুথ করুনারতœকে (২) শিকার করেন সিরাজ।
শুরুর ধাক্কা সামাল দিতে জুটি গড়ার চেষ্টা করে সফল হন সাদিরা সামারাবিক্রমা ও আসালঙ্কা। চতুর্থ উইকেটে ৬২ বলে ৪৩ রান যোগ করেন তারা। সামারাবিক্রমাকে ১৭ রানে আটকে দিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দেন স্পিনার কুলদীপ যাদব। কিছুক্ষণ বাদে আসালঙ্কাকেও ২২ রানে তুলে নেন কুলদীপ। এতে ৭৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে শ্রীলংকা।
এ অবস্থায় ধনাঞ্জয়া ডি সিলভার সাথে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক দাসুন শানাকা। জুটিতে ২৬ রান আসার পর জাদেজার শিকার হয়ে ৯ রান নিয়ে প্যাভিলিয়নে ফিরেন শানাকা।
৯৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে এক পর্যায়ে খাদের কিনারায় চলে যায় শ্রীলংকা। উইকেট পতন ঠেকিয়ে দলকে লড়াইয়ে ফেরানোর দায়িত্ব পান ধনাঞ্জয়া ও ওয়েলালাগে। ভারতকে চাপে ফেলতে দ্রুত রান তুলেন বল হাতে প্রতিপক্ষকে ধসিয়ে দেয়া ওয়েলালাগে। এই জুটিতেই দেড়শ রান পেরিয়ে যায় লংকানরা।
জমে যাওয়া ধনাঞ্জয়া-ওয়েলালাগে জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠে ভারত। ৩৮তম ওভারে ভারতের মুখে হাসি ফোটান জাদেজা। ৫টি চারে ৬৬ বলে ৪১ রান করা ধনাঞ্জয়াকে শিকার করেন জাদেজা। ওয়েলালাগের সাথে ৭৫ বলে ৬৩ রানের জুটি গড়েন ধনাঞ্জয়া।
সপ্তম ব্যাটার হিসেবে ধনাঞ্জয়ার বিদায়ের পর ১০ রানে শেষ ৩ উইকেট হারিয়ে হার বরণ করে শ্রীলংকা। শেষ পর্যন্ত ৪১ দশমিক ৩ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় লংকানরা। ৩টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ওয়েলালাগে। ভারতের কুলদীপ ৪৩ রানে ৪ উইকেট নেন। বুমরাহ-জাদেজা ২টি করে উইকেট নেন।
আগামী ১৪ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি শ্রীলংকা ও পাকিস্তান। এ ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠবে। ২ খেলায় ২ করে পয়েন্ট আছে শ্রীলংকা ও পাকিস্তানের।