এশিয়া কাপ

ফাইনালেও খেলছে বৃষ্টি?

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৩:৪২ পিএম

ফাইনালেও খেলছে বৃষ্টি?

শ্রীলঙ্কার মাঠে ম্যাচের আগে এখন সবারই নজর থাকে দেশটির আবহাওয়ার পূর্বাভাসের দিকে। কারণ এবারের এশিয়া কাপে বাড়তি প্রতিপক্ষ হিসেবে  বৃষ্টিও খেলছে। লঙ্কায় ‘বিনা নিমন্ত্রণেই’ চলে আসছে বেরসিক বৃষ্টি। বৃষ্টির বাধা ছাড়া  খেলা ঠিকমতো হবে কি না, তা নিয়েই থাকে বিরাট শঙ্কা! যেমনটা হয়েছিল ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে। হানা দিয়েছিল বেরসিক বৃষ্টি।
এমতাবস্থায় বৃষ্টির দুশ্চিন্তা থেকে বাদ যাচ্ছে না ২০২৩ এশিয়া কাপের ফাইনাল ম্যাচও। কলম্বোর প্রেমাদাসায় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। 

অ্যাকুওয়েদারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া মেঘলা থাকবে। ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ১০ টা, দুপুর ১ টা, সন্ধ্যা ৬ টা, রাত ৮টা ও রাত ১০টায় বজ্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাতে স্থানীয় সময় বিকাল ৩টায় ম্যাচ শুরুর কথা থাকলেও দেরী হওয়ার সম্ভাবনাই রয়েছে। ন্যুনতম ২০ ওভারের ম্যাচ শেষ না করতে পারলেও আজই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না। ম্যাচ আগামীকাল রিজার্ভ ডেতে গড়াবে। আজ যতটুকু খেলা হবে, রিজার্ভ ডেতে বাকি অংশ থেকেই ম্যাচ শুরু হবে।

এর আগে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডেতে। ১০ সেপ্টেম্বর প্রথম দিন ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করার পরই থেমে যায় ম্যাচ। এরপর পিচের ওপর ফোম ফেলে  শুকানোর চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। সেই চেষ্টা অবশ্য সফল হয়নি। আর রিজার্ভ ডেতেও বৃষ্টি নষ্ট করেছিল ৩ ঘণ্টার মতো সময়। ম্যাচের ফলও হয়েছিল একপেশে। ভারতের দেওয়া ৩৫৭ এর লক্ষ্যে পাকিস্তান ১২৮ রানে অলআউট হয়ে যায়। ভারতের ২২৮ রানের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন বিরাট কোহলি।

Link copied!