নুরুল হাসান সোহান মিডল ও লোয়ার মিডল অর্ডারে ভাল ব্যাট করেন। সম্প্রতি তিনি জাতীয় লিগে ভাল খেলেছেন। এ বিশ্বকাপে তিনি খেলতে পারেননি। লিটন দাস ও মুশফিকুর রহমান ছিলেন। মুশফিক ২০২৭ বিশ্বকাপে খেলবেন না। সেজন্য পরের বিশ্বকাপের জন্য প্রস্তুত হবেন সোহান।
মিরপুরে সোমবার স্বপ্ন নিয়ে কথা বলেন এই ডান হাতি ব্যাটার। তিনি বলেন,‘ ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি বা তিনটি খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। অবশ্যই আশা আছে নিজেকে যেন ওইভাবে গুছিয়ে নিতে পারি। ২০২৭ বিশ্বকাপে যেন থাকতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। এটার জন্য যে প্রসেসটা মানার দরকার আমি সেটা মেনে চলছি। নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব যেন নিজের শতভাগ দিতে পারি।`
পূর্নাঙ্গা ব্যাটার হতে চান তিনি। এ ব্যাপারে তিনি বলেন,‘ আমি স্লগার হতে চাই না। আমি প্রোপার ব্যাটসম্যান হতে চাই। প্রোপার ব্যাটসম্যানের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি, সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে (কি করতে হবে)। দলের প্রয়োজনে আসলে আমি যেকোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত।`