অভিমানে ‘বিদায়-ই’ বলে দিলেন করিম বেনজেমা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ১০:০৫ পিএম

অভিমানে ‘বিদায়-ই’ বলে দিলেন করিম বেনজেমা

ব্যালন ডি অর জেতার পর ফুটবলের মহারণে দলের হয়ে অংশ নিতে পুরোদমে নিচ্ছিলেন প্রস্তুতি। বিশ্বের গ্রেটেস্ট শো শুরু হওয়ার এক দিন আগে ইনজুরি এসে ধূলিসাৎ করে দিলো সব স্বপ্ন। স্কোয়াডে থাকলেও দলের হয়ে মাঠে নামার আর হলো না সুযোগ। দল এগিয়ে যেতে থাকে অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়াই। এর মধ্যে কোচের সাথে দ্বন্দ্বের খবরও সামনে আসে। বিশ্বকাপ ফাইনালে এসে দল হারায় টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ী হওয়ার সুযোগ। আর তার ২৪ ঘণ্টা না পেরোতেই দলের হয়ে আর কখনো তাঁকে মাঠে দেখা যাবে না জানিয়ে দিলেন ফ্রান্সের ৩৫ বছর বয়সী স্ট্রাইকার করিম বেনজেমা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নিজের ৩৫তম জন্মদিনে।

কাতার বিশ্বকাপ ২০২২ শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার কাছে হেরে গেল গতবারের বিশ্বকাপজয়ী দল ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ছিটকে পড়েন বেনজেমা। ইনজুরিতে পড়লেও বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াড থেকে তাঁকে সরিয়ে দেননি কোচ দিদিয়ের দেশম। তাই সমর্থকরা আশাবাদী ছিল কোনো না কোনো ম্যাচে মাঠে দেখা যাবে বেনজেমাকে। নকআউট পর্বের খেলা চলাকালে সুস্থ হয়ে উঠলেও দেশের হয়ে বিশ্বকাপে মাঠে নামার সুযোগ বেনজেমাকে দেননি কোচ। সেই কারণে রাগে-ক্ষোভে বিশ্বকাপ ফাইনালের ঠিক পরেই জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন ব্যালন ডি অরজয়ী স্ট্রাইকার।

সোমবার (১৯ ডিসেম্বর‍) সামাজিক যোগাযোগ মাধ্যমে করিম বেনজেমা লেখেন, ‘আমি চেষ্টা করেছি এবং ভুলও করেছি, এটা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে, যা আমি আজ হয়েছি এবং এমনি এর জন্য গর্বিত। আমি আমার গল্প লিখেছি এবং আমাদের শেষটাও।'

প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিষয়ক খবরের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানোও বেনজেমার অবসরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৩৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা এরই মধ্যে তাঁর সিদ্ধান্ত দলকে জানিয়েছেন এবং ফ্রান্স দল ত্যাগ করেছেন।

এর আগে সেমিফাইনালে জয়ের পর ইনজুরিতে বিশ্বকাপের দল থেকে ছিটকে যাওয়া খেলোয়াড়দের ফাইনালে কাতারে উপস্থিত থাকতে আমন্ত্রণও জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে শুক্রবার (১৬ ডিসেম্বর) বেনজেমা ইনস্টাগ্রামে লেখেন, 'আমি আগ্রহী নই।' বেনজেমার সেই ক্যাপশনের পরই সবাই বলছে, ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণের জবাবটা দিয়েছেন রিয়াল এই তারকা।

শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হারার পরের দিনই ফ্রান্স দল থেকে নিজেকে সরিয়ে নিলেন বেনজেমা। জাতীয় দলের জার্সিতে ৯৭ ম্যাচে ৩৭ গোল করা বেনজেমা দেশের হয়ে জিতেছিলেন উয়েফা নেশন্স লিগের শিরোপা। ২০১৪ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছিলেন তিনি। এবারের বিশ্বকাপেও দলের হয়ে মাঠে নামার সুযোগ থাকলেও সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় অভিমানে জন্মদিনেই বিদায় বলে দিলেন করিম বেনজেমা।

Link copied!