অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান। তার আইপিএলে খেলতে যাওয়া নিয়ে নানা আলোচনা। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকায় সাকিব ও লিটন এনওসি পেয়েছেন মোটে ২৪ দিনের জন্য। ফলে ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত আইপিএল খেলবেন তারা দুজন।
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানান, যেভাবে বিসিবি করেছে, সেভাবেই তারা এনওসি পেয়েছেন। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বোর্ড থেকে আগে থেকেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’
আয়ারল্যান্ডের সঙ্গে ৪ এপ্রিল ১ মাত্র টেস্টটি শুরু হবে। আর এ ম্যাচ শেষের পর লিটন ও সাকিব আইপিএলে যোগ দেবেন। দুজনই কলকাতায় খেলবেন।