শেষ পর্যন্ত শ্রীলঙ্কা থেকে সরে গেল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জের ধরে শ্রীলঙ্কায় যে অস্থিরতা চলছে এতে করে সেখানে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না। প্রতিযোগিতার বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাই হচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন,টানা দ্বিতীয় বার মধ্যপ্রাচ্যের দেশটি তে মঞ্চায়ন হবে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।
বৃহস্পতিবার রাতে বার্তা সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেটের প্রধান কর্তা বলেছেন, ‘এবারের এশিয়া কাপ আরব আমিরাতে হবে। কারণ এটাই, একমাত্র ভেন্যু হিসেবে ওখানে বৃষ্টির আশঙ্কা নেই।’ সবশেষ ২০১৮ সালে এশিয়া কাপ আয়োজন হয়েছিল আরব আমিরাতে। যেখানে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সেই ভেন্যুতেই ফিরছে টুর্নামেন্টে। তবে এবার ওয়ানডে নয়, প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি সংস্করণে।
আগামী ২৭ আগস্ট শুরুর কথা এশিয়া কাপ। ১১ সেপ্টেম্বর ফাইনাল। আর প্রতিযোগি তার বাছাইপর্ব হওয়ার কথা ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টে সরাসরি খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্বে অংশ নেওয়ার কথা সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং, সিঙ্গাপুরের। এখান থেকে একটি দল টিকিট পাবে মূল পর্বের।