মেডিক্যাল পরীক্ষা হয়ে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদো এখন আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসেরের ফুটবলার। আর বিশাল সংবর্ধণা দেওয়া হয় তাকে আজ।
এর আগে নতুন ক্লাব আল নাসেরে যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার রাতে সৌদি আরবের রাজধানীতে পা রাখেন তিনি। রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম আল এখবারিয়া টিভি এই খবর জানিয়েছে। শহরের একটি বিলাসবহুল হোটেলে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রোনালদোর রিয়াদে পৌঁছানোর খবর দিয়েছে আল নাসের ক্লাবের একজন অফিসিয়াল, ‘সহকারীদের একটি বড় দল এনেছেন তিনি, তার সঙ্গে আছে ব্যক্তিগত নিরাপত্তা ফার্মের লোকজন।’
টিভি সাক্ষাৎকারে তীব্র সমালোচনা করে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বের হন রোনালদো। আরবীয় ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন তিনি। তাকে নিতে ২০ কোটি ইউরোর বেশি খরচ করেছে আল নাসের।
মঙ্গলবার রিয়াদে অবস্থিত ২৫ হাজার আসনের মরসুল পার্ক স্টেডিয়ামে রোনালদোর পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। গ্যালারিতে উপচে পড়া দর্শক ছিল এ সময়।