আলোর মুখ দেখছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ১১:৪০ পিএম

আলোর মুখ দেখছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা

তৃতীয় মেয়াদে এসে সত্যিই আঞ্চলিক ক্রিকেট সংস্থা বাস্তবায়নের কাজে হাত দিয়েছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। মঙ্গলবার এই বোর্ডের দ্বিতীয় বার্ষিক সভায় গঠনতন্ত্রে সংশোধন এনে অনুমোদন পেয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা। যা জানিয়েছেন পাপন নিজেই।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কিছু গঠনতন্ত্র সংশোধন ছিল সেগুলো আমরা পেশ করেছিলাম, সবগুলোই সর্বসম্মতিক্রমে আমাদের এজিএমে পাশ হয়েছে। এর মধ্যে একটা ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, সেটা আজকে হয়ে গেলো। আঞ্চলিক ক্রিকেট সংস্থা করতে এখন আর বাধা রইলো না।’

সারা দেশের আটটি বিভাগ থাকলেও, আঞ্চলিক ক্রিকেট সংস্থা হবে সাতটি। ময়মনসিংহ বিভাগকে রাখা হবে ঢাকার অধীনেই। তবে পূর্ণাঙ্গ আঞ্চলিক ক্রিকেট সংস্থার মতোই সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

এছাড়া এসব আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি হবে দুই ধরনের; বড় বিভাগ যেগুলোতে জেলার সংখ্যা বেশি সেগুলোতে ১৭ জন সদস্য আর যেগুলোতে জেলার সংখ্যা কম সেগুলোতে কমিটির সদস্য থাকবে ১১ জন। সার্বিকভাবে দিকনির্দেশনা বিসিবিই দেবে বলে জানিয়েছেন পাপন।

Link copied!