আয়ারল্যান্ড টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৩, ০৭:৫৯ পিএম

আয়ারল্যান্ড টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটি মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। এই ম্যাচে খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। 

টেস্ট ক্রিকেটে খারাপ সময়ের মধ্যেই ঘুরপাক খাচ্ছে   বাংলাদেশ। ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর আটটি ম্যাচে হার ও ১টিতে ড্র করেছে বাংলাদেশ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ঘরের মাঠে আর কোন টেস্টও জিততে পারেনি টাইগাররা।

এ দিকে  সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে বাংলাদেশের মাটিতে প্রথম জয়ের রেকর্ড গড়ে আয়ারল্যান্ড। একমাত্র টেস্টটি একতরফা হবার সম্ভাবনাই বেশি। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর  আয়ারল্যান্ড এখন পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলে সবগুলোতেই হেরেছে । সর্বশেষ ২০১৯ সালে টেস্ট ম্যাচ খেলে আইরিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে দারুন পারফরমেন্স করেও শেষ পর্যন্ত ম্যাচ হারে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করা স্বাগতিক ইংল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দেয় আইরিশ বোলাররা। এরপর প্রথম ইনিংসে ২০৭ রান করে লিড নেয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান করে আয়ারল্যান্ডকে জয়ের জন্য ১৮২ রানের টার্গেট দিয়েছিলো ইংল্যান্ড। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ভালো অবস্থায় থাকার পরও ১৪৩ রানে ম্যাচে হার টেস্ট ফরম্যাটে আয়ারল্যান্ডের অভিজ্ঞতার অভাব বেশ ভালোভাবে ফুটে উঠে।   

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৫ উইকেটে এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হার মানে আয়ারল্যান্ড।

২০১৯ সালে নিজেদের সর্বশেষ টেস্ট দল থেকে মাত্র চারজনকে এবার স্কোয়াডে রেখেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্টের দলে নয়জন নতুন মুখ রয়েছে। এরমধ্যে তিনজন কখনও প্রথম শ্রেনির ক্রিকেটে খেলেনি। আয়ারল্যান্ডের বিপরীত বাংলাদেশ দলে থাকাদের মধ্যে ৪৭৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।

Link copied!