আর্লিং হালান্ডের রেকর্ড পাঁচ গোলের সুবাদে মঙ্গলবার আরবি লিপজিগকে শেষ ষোলর দ্বিতীয় লেগে ৭-০ ব্যাবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সিটি।
একইসাথে এক মৌসুমে ৩৯ গোল করে নতুন ক্লাব রেকর্ডও গড়েছেন নরওয়েজিয়ান এই তরুণ। এনিয়ে টানা ষষ্ঠ মৌসুমে পেপ গার্দিওলার দল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে।
মাত্র ২২ বছর বয়সে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে ২৫ ম্যাচে হালান্ড ইতোমধ্যেই ৩৩ গোল আদায় করে নিয়েছেন।
১৯২৮-২৯ মৌসুমে সিটির হয়ে ৩৮ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন টমি জনসন। ৫৭ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির শট রুখে দেন ব্লাসভিচ। কিন্তু ফিরতি বলে এবার জনসনকে ছাড়িয়ে যান হালান্ড। এই কৃতিত্বে তিনি চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানোর পাঁচ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। ম্যাচ শেষের ২৫ মিনিট আগে হালান্ডের পরিবর্তে জুলিয়ান আলভারেজকে মাঠে নামান গার্দিওলা।