একবার ভাবুন তো কখনও ক্রিকেট ম্যাচ দেখেনি। বল,ব্যাট হাতেও ধরেনি সেই আর্জেন্টাইন জাতি এখন বাংলাদেশ ক্রিকেট দলের বড় সমর্থক হয়ে দাড়িয়েছে। কয়েকদিন আগে এমন কথা ভাবতেও পারেনি যারা এখন সেটা বাস্তব।
আর্জেন্টিনায় এখন বাংলাদেশ ক্রিকেটের হাজার হাজার ভক্ত। বাংলাদেশকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে গ্রুপ। আর সেই সাথে আর্জেন্টিনার গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের কথা।

আপনারা আমাদের ফুটবলে সমর্থন করেছেন এখন আপনাদের ক্রিকেটে আমাদের সমর্থন করার পালা।গো বাংলা!!!! এভাবেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্তব্য করেন লাও ফার্নান্দেজ।
আবার অনেকেই জয় বাংলা কমেন্টও করছেন।
বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে উন্মাদনার খবর পুরো বিশ্বই জেনেছে। আর্জেন্টাইনরাও জানেন সে খবর। আর্জেন্টিনার জয়ের ম্যাচগুলো বাংলাদেশি সমর্থকদের উদ্যাপনের ভিডিও ফিফা প্রকাশ করার পর থেকে বাংলাদেশকে ভালোবাসতে শুরু করেন আর্জেন্টাইনরাও।

কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলেরও ভক্ত হয়েছেন অনেক আর্জেন্টাইন। বাংলাদেশি সমর্থকদের সঙ্গে ধীরে ধীরে বন্ধন দৃঢ় হতে শুরু করেছে আর্জেন্টাইনদের।
আর্জেন্টাইন সমর্থকদের এক অংশ মিলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খুলেছেন। মূলত বাংলাদেশকে ক্রিকেটে সমর্থন দেয়ার জন্য ওই গ্রুপ চালু করেন তারা, যা এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছে।

‘ফ্যানস আর্জেটিনোস ডি লা সেলেসিও ডি ক্রিকেট ডি বাংলাদেশ’ নামে ওই গ্রুপের সদস্যসংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর ওই ফেসবুক গ্রুপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইনরা।
এক ভিডিও বার্তায় সমর্থকদের একজন জানান, বাংলাদেশের ম্যাচ দেখার জন্য তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন। স্বভাবতই উচ্ছ্বাস ছিল তার চোখে-মুখে। শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট দলকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগোসহ প্রিন্টেড একটি ক্যাপ পরে লিয়ান্দ্রো গায়িচিও নামের ওই ভক্ত বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আমরা ভারতকে হারিয়েছি। দারুণ এক ম্যাচ। খেলা দেখার জন্য আমি ঘুমাতে পারিনি। তবে আমি খুবই খুশি। কী অসাধারণ এক ম্যাচ! ভামোস আর্জেন্টিনা, ভামোস বাংলাদেশ।

আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসিকে নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা দেখে বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠেন বহু আর্জেন্টাইন। বাংলাদেশে কোন খেলা সবচেয়ে জনপ্রিয়, সেই বিষয়ে তারা খোঁজখবর নিতে থাকেন। এমনকি বাংলাদেশ ক্রিকেট দলে মেসির মতো প্রাণভোমরা কে আছে, চলছে তার তালাশ। ফেসবুক গ্রুপে দেখা গেছে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করছেন আর্জেন্টাইনরা। এমনকি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।