এশিয়া কাপের আগে বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। ডান পায়ের লিগামেন্টে চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। আপাতত চার থেকে ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় ডান পায়ের লিগামেন্টে চোট পেয়েছিলেন শাহিন। তাঁর চোটের স্ক্যান করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে অন্তত চার থেকে ছ’সপ্তাহ সময় লাগবে শাহিনের। তার পরেই এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। শাহিন ছিটকে যাওয়ার পরে তাঁর বদলে দলে কাকে নেওয়া হবে তা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।