হাংজু এশিয়ান গেমসে ই-স্পোর্টসের সঙ্গে পুরুষ ফুটবলের বিষয়টিও পুনরায় বিবেচিত হবে বলে জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। তার কথায়, ‘এশিয়াডে পুরুষ ফুটবলের বিষয়টি আমরা আবারও প্রয়োজনে মূল্যায়ন করব। ই-স্পোর্টস সহ আরো কয়েকটি বিষয় চূড়ান্ত করার সময় আমরা পুরুষ ফুটবলের বিষয়টিও পুন:বিবেচনা করব।’
সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ১৭টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে ফুটবলও রয়েছে। তবে সাবিনাদের অংশগ্রহণ নিশ্চিত হলেও জামাল ভুঁইয়াদের এশিয়াডে না পাঠানোর পক্ষেই মত ছিল বেশি বিওএ সভায়। তারপরও বাফুফে জামালদের এশিয়াডে খেলার ব্যাপারে আশাবাদী। রোববার এমন প্রত্যাশা ব্যক্ত করে বাফুফে ও বিওএ সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘গতকাল (শনিবার) সন্ধ্যায় বিওএ সভাপতির সঙ্গে পুরুষ দল এশিয়াডে পাঠানো নিয়ে আলাপ করেছি। বিওএ আশা করি কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে।’
সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ৪ জুন। তবে বেঙ্গালুরুতে যাওয়ার আগে সাফের প্রস্তুতি হিসেবে ১৫ জুন কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবেন জামাল ভুঁইয়ারা। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) জাতীয় দল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘সৌদি ও কাতারে ক্যাম্পের ব্যাপারে আলোচনা হয়েছিল। তবে আমরা কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলব। সেই সঙ্গে ঢাকাতেই ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন কোচ (হাভিয়ের কাবরেরা)।’