ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার মিশন আজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২২, ০১:২৯ এএম

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার মিশন আজ

গায়ানায় শনিবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আর জয় নিয়ে ক্যারিবীয় সফর শেষ করতে চান তামিম ইকবালরা। টেস্ট ও টি টোয়েন্টিতে ধরাশায়ী হওয়ার পর ওয়ানডেতে এসেছে সফলতা। টানা ২ ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে। আজ হোয়াইটওয়াশ করে দেশে ফিরলে আফসোস কিছুটা কমবে। ৩-০ সিরিজের ফল নিয়ে ফিরলে হতাশাও কমবে। 

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছিলেন তামিম ইকবাল। তবে কোচ রাসেল ডমিঙ্গো তেমন কিছু জানালেন না। তার মতে গায়ানার যে কন্ডিশন এখানে পরীক্ষা-নিরিক্ষা করার সুযোগ কম। 

ডমিঙ্গো শুক্রবার কথা বলেছেন। সেখানে তিনি বলেন,‘ ‘আমার কাছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়, এখন আমাদের সুযোগ আছে একাদশের বাইরের খেলোয়াড়দের দেখার। পয়েন্টের খেলা হলে ওই সুযোগটা থাকে না। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর আমি মনে করি অন্যদেরও সুযোগ দেওয়া উচিত। এ জন্য আমাকেও যদি এক–দুটি ম্যাচ না খেলতে হয়, সেটাও হতে পারে। এখন যদি বেঞ্চের শক্তি না দেখি, তাহলে দেখব কখন? তা ছাড়া হঠাৎ কেউ চোটে পড়লে হুট করে নতুন কাউকে দলে আনা কঠিন হয়। পরের ম্যাচে হয়তো এ রকম কোনো পরিবর্তন দেখতে পারেন।’

এ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ (প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত) ব্যবধানে হারে বাংলাদেশ। তবে নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ।  প্রথম দুই ওয়ানডের ভেন্যু ছিলো গায়ানা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো ধীরগতির উইকেট ছিলো, যা বাংলাদেশের জন্য বড় সুবিধা ছিলো। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

দুই ওয়ানডেতে জয়েই  বড় ভূমিকা রাখেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও এই সিরিজে অভিষেক হওয়া বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। 

সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে দু’টি কারণে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। প্রথমত,সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হওয়ায়  মূল্যবান পয়েন্ট হারানোর কোন শংকা নেই। 

তৃতীয় ও শেষ ম্যাচের জয়, টানা ১১তম ম্যাচে জয়ে উত্তীর্ণ করবে। সেই সাথে সিরিজে হোয়াইটওয়াশও। ধীর গতির উইকেটে বাংলাদেশের স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তাই একাদশে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন আনাটা অসম্ভব কিছু না।  

২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ। ঐ বছর যুক্তরাষ্ট্রে হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। এরপর ২০১৯ ও ২০২১ সালে দু’টি সিরিজ যথাক্রমে, ২-১ ও ৩-০ ব্যবধানে জিতে টাইগার দল। এসময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু, বহুজাতিক টুর্নামেন্ট বিশ^কাপ ও ত্রিদেশীয় সিরিজেও জয় পায় বাংলাদেশ।

সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ২০টিতে, হেরেছে ২১টিতে। ২টি পরিত্যক্ত হয়। যদি সিরিজের শেষ ওয়ানডে জিততে পারে বাংলাদেশ, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-হারের ব্যবধান সমান হয়ে যাবে টাইগারদের। 

 

Link copied!