বদলে গেল কাতার বিশ্বকাপ শুরুর দিন। নির্ধারিত সূচির এক দিন আগেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ। এমনই সিদ্ধান্ত নিল ফিফা। ২১ নভেম্বর, সোমবারের বদলে ২০ নভেম্বর, রবিবার শুরু হবে কাতার বিশ্বকাপ।
ফুটবল বিশ্বকাপ এক দিন এগিয়ে আনল ফিফা। আগের সূচি অনুযায়ী ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, ২০ নভেম্বর আয়োজক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশকে খেলার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত।
বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ফিফা কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কাউন্সিলের অনুমোদন পেতে সমস্যা হবে না বলে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।