ইতালির অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়ালি মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৩, ০৬:২৪ পিএম

ইতালির অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়ালি মারা গেছেন

৫৮ বছর বয়সে মারা গেলেন ইতালির হয়ে দু’বার বিশ্বকাপের দলে থাকা সদস্য জিয়ানলুকা ভিয়ালির। ক্যানসারের কাছে হেরে কম বয়সে বিদায় নিলেন ইতালির সেরা এই স্ট্রাইকার। ইতালির ক্লাব সাম্পাদোরিয়ার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

এক বিবৃতিতে লিখেছে, “তুমি আমাদের অনেক কিছু দিয়েছ। আমরাও তোমাকে অনেক কিছু দিয়েছি। আমাদের মধ্যে অফুরান ভালবাসা ছিল। এমন একটা বন্ধন, যা কোনও ভাবেই তোমার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যাবে না। আমরা তোমাকে ভালবেসে এবং শ্রদ্ধা জানিয়েই যাব। কারণ তুমি জানো, তুমি পেলের থেকেও ভাল। যা কিছুই হোক না কেন, আমাদের বন্ধন কোনও দিনই ভাঙবে না।”

ইটালির আর এক ক্লাব উদিনেসে লিখেছে, “মাঠ এবং মাঠের বাইরে একজন দারুণ মানুষ, চ্যাম্পিয়ন এবং লড়াকু। খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে। তবে তোমাকে আমরা কোনও দিন ভুলব না।”

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-এ অগ্ন্যাশয়ে ক্যানসার ধরা পড়েছিল ভিয়ালির। তিন বছর পরে জানানো হয়, আর কোনও বিপদের সম্ভাবনা নেই। কিন্তু এক বছর পরেই ফিরে আসে ক্যানসার। গত ডিসেম্বরে যখন ভিয়ালির ক্যানসার ধরা পড়ে, তখন শরীরের দিকে নজর দেওয়ার কারণেই ফুটবল সংক্রান্ত কোনও কাজের সঙ্গে জড়িত থাকতে চাননি তিনি। সেই বিরতিও বাঁচাতে পারল না তাঁকে।

২০২১-এ ইউরো কাপ জিতেছিল ইটালি। সেই দলের কোচ রবার্তো মানচিনিকে সাহায্য করেছিলেন তাঁর কোচিং স্টাফের সদস্য ভিয়ালি। সেই বছরেরই শেষের দিকে ক্যানসার ফেরার পরেও তিনি ছিলেন অদম্য। জানিয়েছিলেন, লড়াই শেষ হয়নি। বলেছিলেন, “টিউমার এখনও রয়েছে অনাহূত অতিথির মতোই। আপাতত শরীরের দিকে নজর দিচ্ছি। আমি লড়াই চালিয়ে যেতে চাই। আরও অনেক বছর ফুটবলের হয়ে কাজ করতে চাই।”

Link copied!