সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২২, ০৪:৩৮ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত

ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত সড়ক দুর্ঘটনায় গুরুতর  আহত হয়েছেন। মাথায় চোট লেগেছে ভারতীয় ক্রিকেট তারকার। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে পন্তকে স্থানীয় রুরকি সিভিল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশীল নাগার জানান, বাঁ চোখের ওপরের অংশে, হাঁটুতে এবং পিঠে আঘাত পেয়েছেন পন্ত। তবে এক্স–রেতে কোনো চিড় ধরা পড়েনি। শরীরও পোড়েনি। এরপর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পন্তকে। এমআরআইসহ অন্যান্য পরীক্ষা–নিরীক্ষার পর শারীরিক পরিস্থিতির বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ঢাকা থেকে দলের সঙ্গে দিল্লি ফেরেন পন্তও। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় তার গাড়ি ডিভাইডারে ধাক্কা খেলে মাথায় চোট লাগে ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাঁর।

পন্ত নিজেই তাঁর বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খায়। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়।

Link copied!