গায়ানায় আজ সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ১১:১০ এএম

গায়ানায় আজ সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। তিনি চাইছেন আজই সিরিজ নিশ্চিত হয়ে যাক। আগের ম্যাচে ক্যাচ ড্রপ নিয়ে তার অসন্তোষ রয়েছে। অবশ্য সেটা কাটিয়ে উঠে আজ জেতা জরুরি মনে করেন তিনি। 

শেষ পর্যন্ত জয়ের ধারায় ফেরা বাংলাদেশ দলের  লক্ষ্য  এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় ওয়ানডেতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এবারের সফরে প্রথম জয়ের দেখা পাওয়া টাইগাররা  আজ গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে টি-স্পোর্টস চ্যানেলে। 

সফরে  ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ (বৃষ্টির কারনে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়)। হারের বৃত্তে থেকে বেড়িয়ে  জয় দিয়ে  ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। এই ফরম্যাট শুরু করেই  জয়ের দেখা পায় বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বিশে^র সেরা দলগুলোর একটি বাংলাদেশ। 

সিরিজের প্রথম ম্যাচে জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের টানা নবম ওয়ানডে জয় । এর চেয়ে শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ টানা ১৪ ওয়ানডে  ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে  বাংলাদেশ দলের।

দ্বিতীয় ম্যাচ জিততে পারলে  সিরিজের জয় নিশ্চিতের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টানা ম্যাচ জয়ের সংখ্যাটা দুই অংকে অর্থাৎ ১০-এ পৌঁছে যাবে।

২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোন ওয়ানডে হারেনি বাংলাদেশ। এসময় টানা আটটি ওয়ানডে জিতেছে টাইগাররা। ঐ বছর যুক্তরাষ্ট্রে হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। এরপর ২০১৯ ও ২০২১ সালে দু’টি সিরিজ যথাক্রমে, ২-১ ও ৩-০ ব্যবধানে জিতে টাইগাররা। এসময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু, বহুজাতিক টুর্নামেন্ট বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজেও জয় পায় বাংলাদেশ। 

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ১৯টিতে, হেরেছে ২১টিতে। ২টি পরিত্যক্ত হয়। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-হারের ব্যবধান কমানোর জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য ভালো সুযোগ।

ওয়ানডেতে এ পর্যন্ত ৩৯৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সেখানে জয় ১৪১টি, হার ২৪৭টি এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়। কিন্তু  দেরিতে হলেও, বাংলাদেশের জয়ের অনুপাত হারের চেয়ে বেশি। বিশেষভাবে ২০১৫ ওয়ানডে বিশ^কাপের পর  এ পর্যন্ত  বাংলাদেশ ১৫টি ওয়ানডে সিরিজে জয় পায়। হার ছিলো মাত্র ৪টি সিরিজে। যা এই ফরম্যাটে তাদের শক্তির বড় প্রমান। এবার  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় এবং ২০১৫ সাল থেকে ২০টির মধ্যে ১৬তম জয়ের সুযোগ টাইগারদের। 

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে, ক্যারিবীয়দের বিপক্ষে এগিয়ে থাকলেও  হাল ছাড়তে রাজি নয় তার দল। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে বেশ কয়েকটি ক্যাচ ফেলেছেন  এবং যদি এই ধারা অব্যাহত থাকে তবে দল বড় সমস্যা পড়তে পারে।

তামিম বলেন, ‘হ্যাঁ, আমরা ম্যাচ জিতেছি কিন্তু আমদের উন্নতির জায়গা আছে। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আরও বড় দলের বিপক্ষে সত্যিকারের কন্ডিশনে খেলি, তবে এই ড্রপ হওয়া ক্যাচগুলো আমাদের অনেক ভোগাবে। অধিনায়ক হবার পর, আমি বলেছি, আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে, নয়তো বড় আসরের টুর্নামেন্ট জয় করা কঠিন হবে।’

Link copied!