গোল সংখ্যা সমান হলে গোল্ডেন বুট কার হবে?

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ০২:৩৬ পিএম

গোল সংখ্যা সমান হলে গোল্ডেন বুট কার হবে?

কাতার বিশ্বকাপ কার হবে, সেটি নিয়ে যতটা না আলোচনা তার চেয়ে বেশি দর্শকদের আগ্রহ কে জিতবে গোল্ডেন বুট। টুর্নামেন্টে সর্বাধিক গোলসংখ্যা বিবেচনায় এ পুরস্কার দেওয়া হয়।

কিন্তু গোল যদি দুজন বা ততোধিক ব্যক্তির সমান হয়, তবে কীভাবে নির্ণয় হবে সোনার জুতা বিজয়ী?

এবারে বিশ্বকাপে যেন দেখা যাচ্ছে নতুন এক মেসিকে, ৬ ম্যাচে গোল করেছেন ৫টি। সোনার বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী এমবাপ্পেরও টুর্নামেন্টে গোল ৫টি। সে হিসাবে ফাইনালেই শেষ হতে যাচ্ছে দুই সর্বোচ্চ গোলদাতার লড়াইও।

এ তালিকায় মেসি-এমবাপ্পেদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন তাঁদেরই সতীর্থ হুলিয়ান আলভারেজ আর অলভিয়ের জিরু। দুই ফরোয়ার্ডের নামের পাশেই রয়েছে ৪টি করে গোল। ফাইনালে মেসি বা এমবাপ্পে গোল করতে না পারলে আলভারেজ ও জিরুরও থাকবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। সে ক্ষেত্রে তাঁদের গোল করতে হবে আজ ফাইনালে।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় সোনার বুট। এই বিশেষ সম্মান পেতে উদগ্রীব থাকেন তারকা ফুটবলাররা। পেনালটিতে যারা গোল করেন, তারাও বিবেচিত হন এই পুরস্কারের জন্য। যদি দুই কিংবা তার বেশি ফুটবলারের গোলসংখ্যা সমান হয়, তখন দেখা হয় কার কটা অ্যাসিস্ট। অর্থাৎ, কে কটি গোল করতে সহায়তা করেছেন। সেটিও সমান হলে দেখা হয়, কে কত কম সময় মাঠে ছিলেন।

Link copied!