উইম্বলডন থেকে শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার রাতে তাঁর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়েছে উইম্বলডনের তরফে। কোয়ার্টার ফাইনালে অসহ্য যন্ত্রণা নিয়ে খেলতে হয়েছিল নাদালকে।
টেলর ফ্রিৎজের বিরুদ্ধে পাঁচ সেটের লড়াইয়ে শেষ দিকে কিছুতেই আর টানতে পারছিলেন না। সার্ভিস করতে সমস্যা হচ্ছিল। মেডিক্যাল টাইম-আউট নিয়েছিলেন। তবু হাল না ছেড়ে শেষ পর্যন্ত খেলেন এবং ম্যাচ বের করে ফেলেন।
তবে সেমিফাইনালে খেলার মতো শারীরিক অবস্থা তাঁর নেই বলেই জানা গিয়েছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার নিক কিরিয়সের বিরুদ্ধে খেলার কথা ছিল নাদালের। স্পেনীয় তারকা নাম তুলে নেওয়ায় বিনা লড়াইয়ে কিরিয়স চলে গেলেন ফাইনালে। রবিবার অল ইংল্যান্ড কোর্টে তিনি মুখোমুখি হবে নোভাক জোকোভিচ এবং ক্যামেরন নরি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।