একেই বলে মন্দ কপাল। ভাগ্য খারাপ হলে নাকি সাদা কাপড় থেকেও রঙ উঠে! ব্রাজিল ফুটবল টিমের সদ্য সাবেক কোচ তিতের হয়েছে সেই দশা! কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট ছিল ব্রাজিল; কিন্তু এবারও কোয়ার্টার ফাইনালের বাধা পার করতে পারেনি তিতের নেতৃত্বাধীন ব্রাজিল টিম। টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে এরইমধ্যে ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিতে। মাঠের খারাপ সময়ের পর বাইরেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর। এবার নিজের দেশেই পড়েছেন ছিনতাইকারীর কবলে।
ছিনতাইকারী তাঁর গলার চেইন ছিঁড়ে নিয়েছে, এমনকি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তাঁকে নাকি দু’কথা শুনিয়েও গেছে! এমন খবর জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো।’
ব্রাজিলের স্থানীয় সময় সকালে রিও শহরে স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন ব্রাজিলের সাবেক কোচ তিতে। তখনই ছিনতাইকারী এসে তাঁর গলা থেকে সোনার চেইনটি ছিনিয়ে নেয়। যদিও এখন পর্যন্ত চুরির কোনো তথ্য পায়নি ব্রাজিলিয়ান পুলিশ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম লান্সকে পুলিশের এক সূত্র বলেছে, ‘এখনো পর্যন্ত আমাদের কাছে এর কোনো নথি নেই। ভুক্তভোগী কোনো অভিযোগ করেনি ঘটনার ব্যাপারে। তাই কী ঘটেছে সে ব্যাপারে অফিসিয়ালি কোনো তথ্য নেই আমাদের কাছে।’
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। এর পরই ব্রাজিলের সঙ্গে সম্পর্কের ছেদ ঘটে তিতের। ২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন ৬১ বছরের তিতে। তাঁর অধীনে রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।