জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলও হেরেছে, এমনটা মনে করিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাই বাংলাদেশও যে হারবে না, সেটি নিশ্চিত করে বলছেন না তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার উদ্দেশ্যে গতকাল দিবাগত রাতে দেশ ছাড়ে তামিমসহ আরও কিছু ক্রিকেটার।
দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ। তামিম বলেন, ‘পরিকল্পনা একটাই থাকবে, জেতার। আমি সবসময় একটা কথা বলি, কে আগে আছে বা পরে এটা বিষয় না। অবশ্যই তাদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের খুব সহজে হারিয়ে দেওয়া যাবে না। শেষ কয়েকটা সিরিজ যদি দেখেন পাকিস্তানের মতো দলও কিন্তু হেরেছে।’
তামিম আরও বলেন, ‘আমাদের রিল্যাক্স করার কোন সুযোগ থাকবে না। যদি ভালো করতে চাই তবে প্রথম বল থেকে সুইচ অন থাকতে হবে। অবশ্যই আমরা ভালো দল। কিন্তু খেলায় জয়-হার নির্ভর করে কে ভালো খেলছে সেটার উপর- কে ভালো দল সেটা না। আমরা যদি ভালো খেলি আমরা জিতবো।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ নয়। তাই এই সিরিজে তরুনদের বেশি সুযোগ দেয়া হবে কিনা, এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমারতো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা টিমে ১৫জন খেলোয়াড় থাকে, ১৫জনকে খেলানো সম্ভব হয় না। কিন্তু আপনি যদি শেষ সিরিজটি দেখেন, সব তরুনরাই খেলেছে। এই সিরিজে মুশফিক দলে আসছে। মুশফিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু মূলত এখানে সব তরুনরাই তো খেলছে।’