টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন জেমি সিডন্স

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২৩, ১১:৫১ এএম

টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন জেমি সিডন্স

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জেমি সিডন্স। তবে 'এ' দল ও বাংলাদেশ ‌‌টাইগার্সের সাথে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১ মে) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সিডন্স বলেন, 'সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সাথে কথা বলেই তরুণ প্রজন্মের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দলের হয়ে কাজ করবো। আমি মনে করি, তাদেরকে দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে।'

সাবেক হেড কোচ বলেন, 'আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভেলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি।'

ওই পোস্টে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দনও জানান সিডন্স। 

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান এই অস্ট্রেলিয়ান। শুরু থেকেই জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অভিযোগ আসে, তাঁর কোচিং মেথড অনেকটা সেকেলে ধরনের। অবশেষে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বিসিবির সাথে একমত হয়েছেন সিডন্স।

 

Link copied!