টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আশাবাদী হাথুরুসিংহে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৩, ০৬:৪৮ পিএম

টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আশাবাদী হাথুরুসিংহে

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ স্মরনীয় করে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ।

২০০৬ সালে শুরুর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে ১৪৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। ২০২১  টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচটি ৮ উইকেটে হেরেছিল টাইগাররা।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে স্পষ্ট করে জানিয়েছেন, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই শক্তিশালী দল তৈরি করাই মূল লক্ষ্য তাদের।

বুধবার চট্টগ্রামে হাথুরুসিংহে বলেন, ‘টি-টোয়েন্টি দলকে শুধু আজকেই দেখেছি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে এগিয়ে চলার যাত্রা শুরু হলো মাত্র। এর মাঝে অনেক কিছুই হবে। এখন পর্যবেক্ষণ করছি আমাদের কী আছে, কোন কোন জায়গায় উন্নতি করতে হবে এবং নিজেদের শক্তিমত্তা অনুযায়ী কোন পরিকল্পনায় আমরা খেলতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না এটা কঠিন কিছু। এটা আমাদের বিশ্বকাপের প্রস্তুতির সুযোগ। এটি কোথায় হবে সেখানকার কন্ডিশন সম্পর্কে আমাদের ভাবতে হবে। এটি ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হবে। আমাদের কাছে আরও অনেক তথ্য আছে। অন্যান্য দলের চেয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফর  কিছুটা বেশি  করেছি। তাই মানসিকভাবে প্রস্তুতি ও সঠিক সমন্সেয়ের  চেষ্টা করতে হবে। অনেক খেলোয়াড়ের জন্য সুযোগ রয়েছে।’

টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এজন্য ইংলিশদের প্রক্রিয়াকে অনুসরণ করতে চান হাথুরুসিংহে। বড় পরিবর্তনের মধ্য দিয়ে পরবর্তী বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠন  লক্ষ্য।

তিনি বলেন, ‘ওয়ানডে এবং টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন তারা। ওয়ানডেতে ফরম্যাটে তাদের একটি ভারসাম্যপূর্ণ দল রয়েছে। টি-টোয়েন্টি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে তারা। আমি মনে করি না ২০২২ বিশ্বকাপ জয়ী দল ২০২৪ বিশ্বকাপে খেলবে। এজন্য নতুন খেলোয়াড়দের নিয়ে চেষ্টা করছে তারা। পরিকল্পনা নিয়েই দল গড়ছে তারা। আমরা সেদিকেই নজর রাখতে পারি।’

Link copied!