তামিম ইকবাল (৩৯) ও মাহমুদুল হাসান জয়ের (৩১) ধীরস্থির ব্যাটিংয়ে বিনা উইকেটে ৭৬ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। ৩২১ রানে এখনো পিছিয়ে স্বাগতিকরা।
শ্রীলংকা প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়। অ্যাঞ্জেলো ম্যাথুস ১৯৯ রানে আউট হন। নাইম হাসান ৬টি উইকেট নেন। সাকিব পেয়েছেন ৩ উইকেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চা বিরতির পর অলআউট হয় শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে মাথা ঠান্ডা ছিল বাংলাদেশের দুই ওপেনারের।
গতকাল ম্যাচের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান করেছিলো শ্রীলংকা। সেঞ্চুরি তুলে ১১৪ রানে অপরাজিত ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। অপরাজিত ৩৪ রান করেছিলেন দিনেশ চান্ডিমাল।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে চান্ডিমালকে ৬৬ রানে ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে ৩ রানে বিদায় করেন বাংলাদেশের অফ-স্পিনার নাইম হাসান। আর দ্বিতীয় সেশনে রমেশ মেন্ডিসকে ১ ও লাসিথা এম্বুলদেনিয়াকে খালি হাতে বিদায় করেন সাকিব আল হাসান।
আসিথা ফার্নান্দোকে ১ রানে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ উইকেট পূর্ণ করেন নাইম। আর শেষ ব্যাটার হিসেবে ম্যাথুসকে ১৯৯ রানে আউট করেন নাইম। ৩৯৭ বলে ১৯টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ম্যাথুস।
বাংলাদেশের নাইম ১০৫ রানে ৬ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া সাকিব ৩টি ও তাইজুল ১টি উইকেট শিকার করেন।