আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে ৩ দিনের ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর ক্যাম্প শেষে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তিনি আশা করেন এই অনুশীলন জাতীয় দলে ভাল প্রভাব ফেলবে।
ব্যাটারদের টেকনিক ও কৌশল নিয়েও কাজ করেছেন হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, ‘সব সময় আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা থাকবে আমাদের। এর মানে এই না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক মানসিকতা নিয়ে করতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ড প্লেসিং কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদেরকে এই স্বাধীনতা দিতে যাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’
তিনি আরও বলেন, ‘ওপেনার হলে ১০ ওভার ব্যাট করতে হবে, কীভাবে শুরু করতে হবে এবং ফিল্ডিং রেস্ট্রিকশনের (৩০ গজের মধ্যে ফিল্ডার রাখার বাধ্যবাধকতা) সর্বোচ্চ ব্যবহার কীভাবে করতে হবে সেটাও ভাবতে হবে। মাঝে ব্যাট করলে পরিস্থিতি অন্যরকম থাকবে। কখনও চারজন বা পাঁচজন আউট হওয়ার পর আসতে হবে (ব্যাটিংয়ে)।’
৯ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। রবিবার থেকে ভাগে ভাগে যাওয়া শুরু করবেন টাইগাররা।