তারাবির জন্য আইপিএল দেখতে পারি না : পাপন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ০৮:৫৮ পিএম

তারাবির জন্য আইপিএল দেখতে পারি না : পাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ না খেলে লিটন দাস এবং মোস্তাফিজুর রহমানকে ড্রেসিংরুমে বসে থাকতে দেখে অবাক হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন ফিজ। প্রথমবারের মত এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হয়েছেন  লিটন।

আজ বিসিবি কর্তৃক আয়োজিত গরীব-দুস্থদের মাঝে খাবার এবং  পন্য সামগ্রীর  প্যাকেট বিতরণ করার সময় পাপন বলেন, ‘সবাই জানে তারা খেলবে না। এমনকি খেলোয়াড়রাও জানত, তারাও কোন ম্যাচ পাবে না।’

দিল্লির হয়ে খেলা দুই ম্যাচে বল হাতে ব্যয়বহুল ছিলেন ফিজ। ঐ দুই ম্যাচই হেরেছে দিল্লি। এখনও কেকেআরের হয়ে খেলার সুযোগ হয়নি তিন ম্যাচ পর দলে যোগ দেয়া লিটন। ওপেনিং স্লটে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের উপর আস্থা রেখেছে কেকেআর। যদি গুরবাজ রান করতে না পারেন তখন একাদশে সুযোগ পেতে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের সাথে লড়াই করতে হবে লিটনকে।

পারিবারিক কারনে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

প্রতিদিনই আইপিএল দেখার চেষ্টা করেন বিসিবি সভাপতি এবং বিশেষভাবে দিল্লি বা কেকেআরের খেলার দিকে বেশি নজর রাখেন।

তিনি বলেন, ‘আসলে এই মৌসুমে নিয়মিত আইপিএল দেখতে পারছি না। কারণ ম্যাচের সময় তারাবির নামাজের সাথে মিলে যায়। কিন্তু যখন কেকেআর বা দিল্লির খেলা থাকে, তখন আমি দেখার চেষ্টা করি এবং আমাদের কোন খেলোয়াড় খেলার সুযোগ পায় কিনা, সেদিকে নজর রাখি।’

Link copied!