মেসি, নেইমার, এমবাপ্পে- পিএসজির খেলা দেখতে বসলেই এই ত্রয়ীর জাদু দেখতে অপেক্ষায় থাকে সবাই। সেই জাদুর কারিশমাতেই পার্ক দে প্রিন্সেসে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ত্রয়ার বিপক্ষে ৪-৩ গোলে জিতে গেল পিএসজি।
ম্যাচের ৩ মিনিটেই পিএসজির রক্ষণভাগ এড়িয়ে গোলবক্সে জায়গা নিয়ে নেয় মামাদু বালদের বল। ত্রয়ার এই আকস্মিক গোল উসকে দেয় পিএসজিকে।
একের পর এক আক্রমণ চলতে থাকে ত্রয়ার রক্ষণভাগে আর সফলতা আসে ২৪ মিনিটেই।
কার্লোস সোলের নেইমারের অসাধারণ এক পাস থেকে বক্সের মধ্য থেকে ত্রয়া জালে জড়ান বলটিকে। পিএসজির হয়ে নিজের প্রথম গোলটি দিয়ে দারুণভাবে দলকে সমতায় ফেরান কার্লোস।
প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পিএসজির জালে বল জড়ান বালদে। সমতা আনতে বেশি দেরি করেনি পিএসজি। ৫৫ মিনিটে সের্হিও রামোসের পাস থেকে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন মেসি।
এর ৭ মিনিট পর গোলদাতার তালিকায় নিজের নাম তুলেন নেইমার। বক্সের বাইরে থেকে মেসির দেওয়া পাসটি যখন তিনি নিয়ন্ত্রণে নেন, সামনে ছিল শুধু গোলকিপার। ত্রয়ার গোলকিপারের ডান পাশ দিয়ে বলটি অসাধারণ দক্ষতায় জালে পাঠান নেইমার।
৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির খেলা দেখার মজার পূর্ণতা এনে দেন পিএসজিত্রয়ীর আরেক সদস্য এমবাপ্পে।
এরপর ৮৮ মিনিটে আন্তে পালাভেরসার গোলটি অবশ্য কিছুটা চিন্তায় ফেলে দিয়েছিল পিএসজিকে। ৩ গোল করে ম্যাচ শেষে হারের ব্যবধানটা কমালেও পিএসজির মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি ত্রয়া।