এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি সংস্করণে পরিবর্তন চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণেই টেস্টের মত টি-টোয়েন্টির দলের দায়িত্বটাও সাকিব আল হাসানের কাঁধে তুলে দেয়া হয়েছে। এমনকি এশিয়া কাপ ও বিশ^কাপকে সামনে রেখে নতুন টেকিনক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকেও নিয়োগ দিয়েছে বিসিবি।
কিন্তু সাকিব মনে করেন, ২-১ দিনে সব পাল্টে যাবে না। এমন ভাবাটা হবে বোকার রাজ্যে বাস করার সমান।
আজ ঢাকায় ডিবিএল সিরামিকের এক অনুষ্ঠানে আসন্ন এশিয়া কাপে দলের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘দেখুন, আমার কাছে কোন লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে, বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি। যদি আমি মনে করি, এখনই একদিন-দুইদিনে কিছু পরিবর্তন করে ফেলব বা অন্য কেউ এসে পরিবর্তন করে দিতে পারবে, তেমনটা ভাবা হবে আসলে বোকার রাজ্যে বসবাস করা।’
তিনি আরও বলেন, ‘বাস্তবিক চিন্তা করা হয়, তাহলে তিন মাস পর আমরা যখন বিশ্বকাপ খেলবো, তখন যদি উন্নতি দেখতে পারেন ঐটাই আসলে আমাদের আসল উন্নতি।’