ধোনির অবসর নিয়ে ফের গুঞ্জন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৩, ০৯:০২ পিএম

ধোনির অবসর নিয়ে ফের গুঞ্জন

পুরনো জল্পনা নতুন করে। ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন আছে আইপিএলের পর অবসর নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। যদিও এ প্রসঙ্গ অনেক দিন ধরেই নীরব আছেন ‘ক্যাপ্টেন কুল’। তবে ধোনি মুখে কুলুপ এঁটে রাখলেও তার অবসর গুঞ্জন ভাবনায় ফেলে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। তাদের আশা, টুর্নামেন্টের পরের মৌসুমেও দলের সঙ্গে থাকুক ধোনি।

পরশু রাতে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে চেন্নাই। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাশী বিশ^নাথ বলেছেন, ‘আমরা বিশ^াস করি, পরের মৌসুমেও ধোনি আমাদের হয়ে খেলবেন। ভক্তরা এতদিন যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন আশা করছি আগামীতেও সেটি অব্যাহত থাকবে।’

ইডেনে ম্যাচ শেষে বিশেষ জার্সি পরে দর্শকদের ধন্যবাদ জানান ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলিরা। এ সময় হঠাৎই ধোনির কাছে আসেন ভারতের ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার। সেখানে দুজন দুজনার জার্সিতে স্বাক্ষর করেন। এ ঘটনার পরই ধোনির অবসর জল্পনা নতুন করে শুরু হয়েছে।

অবশ্য চেন্নাই চাইলেও সিদ্ধান্তটা একান্তই ধোনির। তারা কেবল আশা প্রকাশ করতে পারেন। এবারের আইপিএল চলাকালে ধোনিও ইঙ্গিত দিয়েছিলেন ক্যারিয়ারের প্রান্তসীমায় চলে এসেছেন। তবে ঠিক কত দিন খেলে যাবেন এ নিয়ে পরিষ্কার কিছু বলেননি চেন্নাই অধিনায়ক।

 

Link copied!