সিনিয়রদের ছাড়া দেশের ক্রিকেটের ভবিষ্যত নিরাপদ হাতে থাকবে তা প্রমাণ করার জন্য শনিবার প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামছে নতুন চেহারার এক বাংলাদেশ।
ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে এবং টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
এই প্রথম এই ফরম্যাটে দেশের সেরা পাঁচ ক্রিকেটার- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে ছাড়া সাজানো হয়েছে বাংলাদেশ দল।
২০০৬ সালে ক্রিকেটের ছোট ফরম্যাটে অভিষেকের পর থেকে এ পর্যন্ত ১২৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে পাঁচটিতে হেরেছে টাইগাররা।
২০১৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন মাশরাফি। আর এই সিরিজের আগ মুর্হূতে টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন তামিম। আগে থেকেই এই সিরিজ না খেলার সিদ্বান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। আর মুশফিকুর রহিম এবং নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দেয়া হয়েছে।
নুুরুল হাসান সোহানকে অন্তবর্তীকালীন অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাটে এ পর্যন্ত ৪৪টি ম্যাচে জয় এবং ৮১টিতে হেরেছে বাংলাদেশ। বাকি তিনটি পরিত্যক্ত হয়।
মাহমুদুল্লাহর নেতৃত্বে শেষ ১৩ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যানে দেখা গেছে সব ফরম্যাটেই জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে এখনও টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটি ফরম্যাট যেখানে বাংলাদেশকে সমস্যায় ফেলতে পারে জিম্বাবুয়ে। অপরদিকে নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচে জয় আছে বাংলাদেশের।
বাংলাদেশ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।
জিম্বাবুয়ের দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও সিন উইলিয়ামস।