নভেম্বর ২৬, ২০২২, ১২:১১ এএম
শক্তিশালি ডাচদের ১-১ গোলের ব্যবধানে রুখে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল করলো লাতিন আমেরিকার দল ইকুয়েডর।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। প্রথমার্ধে আসরের দ্রুততম গোল করে ডাচদের এগিয়ে দেন কোডি হাকপো। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলটি শোধ করে দেন ইকুয়েডরের এনের ভালেন্সিয়া।
প্রথমার্ধ শেষের ১ মিনিটে আগে ইকুয়েডরের এস্তোপিনান গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হলে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যেন ডাচদের চেপে ধরে ইকুয়েডর। ৪৯ মিনিটেই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় ইকুয়েডর। আবারো দলের হয়ে গোল করেন ভ্যালেন্সিয়া। ডান পাশ থেকে ইস্তুপিনানের বুলেট গতির শট ডাচ গোলরক্ষক রুখে দিলেও রিবাউন্ডে গোল করে দলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান এনার ভ্যালেন্সিয়া।
এবারের আসরে নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুদলেরই দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছিল ইকুয়েডর। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ডাচরাও। ২-০ গোলে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগালকে হারিয়েছিল তারা।
দুটি করে ম্যাচ খেলে নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট করে। দিনের আরেক ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে দেওয়া সেনেগাল সমান ম্যাচে পেয়েছে ৩ পয়েন্ট। আর কাতার এখনো পয়েন্ট খাতা খুলতে পারেনি। ফলে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।