ম্যাচটা হওয়ার কথা ছিল পর্তুগাল ও ইতালির মধ্য। কিন্তু প্লে-অফের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরেছে ইতালি। ঘরের মাঠে আজ তাই চারবারের চ্যাম্পিয়ন নয়, কোনোবার বিশ্বকাপ না খেলা এক দলকে নিয়ে ভাবতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোদের। ম্যাচটা এজন্য গুরুত্বপূর্ণ কারণ প্লেঅফের এ ফাইনালে হারলেই যে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হবে রোনাল্ডোর। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।
র্যাঙ্কিং চিন্তা করলে আজ পর্তুগালকে প্রতিপক্ষ নিয়ে না ভাবলেও চলবে। শীর্ষ দশের এক দলের মুখোমুখি হচ্ছে ৬৭তম দলের। কিন্তু সে দলই বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে এসেছে। গত বছরই জার্মানিকে হারিয়েছে। তবু রোনালদো প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তিত নন। তিনি বলেছেন, উত্তর মেসিডোনিয়া অনেক ম্যাচেই চমক দেখিয়েছে। কিন্তু আমার মনে হয় না কাল আমাদের চমকে দিতে পারবে। পর্তুগাল ভালো খেলবে এবং আমরা বিশ্বকাপে যাব।’