ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১১:২৪ পিএম
হাথুরুসিংহে কোচ হলে সিনিয়ররা বিপদে থাকবেন। দ্বিতীয় দফায় সেটাই হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন একটি ইংরেজি অনলাইনে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, সিনিয়ররা পারফর্ম না করলে বাদ যাবেন।
পারফর্ম না করলেও, বাংলাদেশের ক্রিকেটে সবসময় গুরুত্ব পান সিনিয়র ক্রিকেটাররা। কোচরাও তাদের বিষয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নেয়ার সাহস করেন না। তবে হাথুরুসিংহের ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন। বিসিবি সভাপতি পাপন নিশ্চিত করেছেন, পারফর্ম না করলে সিনিয়রদের দলে রাখবেন না হাথুরুসিংহে।
পাপন বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সমস্যা তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলে না। হাথুরুসিংহের জন্য এটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ, আমি জানি, যদি কোনো সিনিয়র পারফর্ম না করে, তাহলে হাথুরুসিংহে তাকে দলে রাখবে না।’