লিষ্ট ‘এ’ ক্রিকেটে আফিফ হোসেনের প্রথম সেঞ্চুরি ও পাকিস্তানের খুশদিল শাহর বোলিং নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল আবাহনী লিমিটেড।
আজ সুপার লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবাহনী ৪২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ব্যাট হাতে অপরাজিত ১১১ রান করেন আফিফ। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দি মোহামেডান স্পোটিং ক্লাবকে ৮ রানে হারিয়েছিলো আবাহনী লিমিটেড।
১০৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন আফিফ। ৬টি চার ও ৫টি ছক্কায় ১০১ বলে ১১১ রানে অপরাজিত থেকে আবাহনীকে বড় সংগ্রহ এনে দেন আফিফ। ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৫ রান করে আবাহনী।
২৬ বল বাকী থাকতে ২৪৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। আবাহনী খুশদিল ৪৯ রানে ৬ উইকেট নেন। লিষ্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন খুশদিল। ম্যাচ সেরা হন আফিফ।
এই জয়ে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে থাকলো আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে প্রাইম ব্যাংক।