ডিসেম্বর ২৭, ২০২২, ০৬:১৫ পিএম
বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর তাতে লাথি মেরে আলোচনায় হৈ চৈ ফেলে দেওয়া বডিবিল্ডার জাহিদ হাসান শুভ এবার ফেডারেশনকেই বয়কট করলেন।
রবিবার(২৫ ডিসেম্বর) বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অখেলোয়াড় সুলভ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে জাহিদ হাসান শুভকে আজীবন বহিষ্কার করে ফেডারেশন। তবে ফেডারেশনের এই সিদ্ধান্তের জবাবে বডিবিল্ডার জাহিদ ফেডারেশনকেই বয়কট করেন। সোমবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে জাহিদ হাসান শুভ বলেন, 'চোরদের কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা। জুতা পেটা করা উচিত তাদের। ওরা আমাকে কী ব্যান করবে আমি এই ফেডারেশনকে বয়কট করছি।' নিষিদ্ধ হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান বডিবিল্ডার জাহিদ।
গত ২৩ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় ১১ সদস্যের বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জিতেন বডিবিল্ডার জাহিদ। তবে বিচারকদের এ ঘটনায় মঞ্চ থেকে নেমে পক্ষপাতিত্বের ও দুর্নীতির অভিযোগ তুলে পুরষ্কার পাওয়া বেলেন্ডার মেশিনে লাথি মেরে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় শুরু হয়। পরে জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন।
এদিকে আজীবন নিষিদ্ধ হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাহিদ। তার দাবি, ক্ষমার চাওয়ার কোনো কারণ নেই।
বডিবিল্ডার জাহিদ বলেন, ‘আপনারা চুরি করবেন, আর সেটা ধরিয়ে দিলেই ব্যান করে দেবেন। যা করেছি, ঠিকই করেছি। যা করেছি, বুঝে শুনেই করেছি। দুর্নীতিকে লাথি দিয়েছি।’
জাহিদের দাবি, একটা বানোয়াট জাজমেন্টে আমাকে দ্বিতীয় বানিয়েছে। আমার বডি কন্ডিশন হিসেব করা হলে কোনোভাবেই সেকেন্ড হওয়ার কথা না।’