আগামীকাল ৫ মে শুক্রবার দিনব্যাপী বাংলাদেশের বিশুদ্ধ যোগা কালচার এবং ভারতের ওম যোগা কালচারের আয়োজনে বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে দ্বিতীয় বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যোগা কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. নূহ-উল-আলম লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক রশিদুজ্জামান সেরনিয়াবাদ, বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, ভারতীয় হাই কমিশনের ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারের যোগচারিয়া অতুল কুকসাল, বাংলাদেশ রোলার স্কোটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আরিফ সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশুদ্ধ যোগা কালচারের মহাসচিব শাহনাজ পারভীন এবং ভারতের ওম যোগা কালচারের মহাসচিব প্রসূণ মহন্ত।
এ প্রতিযোগিতায় ভারত এবং বাংলাদেশের ৫১ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। উল্লেখ্য এর আগে ২০২১ সালে বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যোগা কাপের প্রথম আসর অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল।